নিজস্ব সংবাদদাতা, সবং: গভীর রাত। বেলদা দিক থেকে ছুটে আসছিল একটি গাড়ি। গোপন সূত্রে আগেই খবর পৌঁছে গিয়েছিল পুলিশের কাছে। আর সেই খবরের ভিত্তিতেই সবংয়ের ভূয়া ব্রিজ এলাকায় নাকা তল্লাশি বসিয়ে গাড়িটিকে আটকাল সবং থানার পুলিশ। তল্লাশি চালাতেই সামনে এল চাঞ্চল্যকর ছবি। গাড়ির ভিতর থেকে উদ্ধার হল মোট ১০টি গরু। গরু পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে।
পুজোয় বাইরে খাওয়ার প্ল্যান? তেমাথানির ‘Spice Hut’-এ অপেক্ষায় বিরিয়ানি, মোমো, পিজ্জা ও আরও অনেক কিছু
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে বেলদা থেকে একটি গাড়িতে করে একাধিক গরু নিয়ে যাওয়া হচ্ছে। এমন নির্দিষ্ট তথ্য হাতে আসে সবং থানার পুলিশের। এরপর আর সময় নষ্ট না করে ভূয়া ব্রিজ এলাকায় নজরদারি বাড়ানো হয়। সন্দেহজনক গাড়িটি সেখানে পৌঁছতেই সেটিকে ঘিরে ফেলে পুলিশ।
গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ১০টি গরু। একই সঙ্গে গাড়িতে থাকা তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সুমন মুখার্জী, ধনঞ্জয় দণ্ডপাট এবং শেখ ওয়াসিম।
এই গরুগুলি কোথা থেকে আনা হয়েছিল, শেষ গন্তব্য কোথায় ছিল এবং এর পিছনে কোনও সংগঠিত পাচারচক্র কাজ করছে কিনা তা এখন খতিয়ে দেখছে সবং থানার পুলিশ। ধৃতদের ফোন যোগাযোগ, যাতায়াতের রুট এবং সম্ভাব্য সহযোগীদের সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
রবিবার ধৃত তিনজনকে মেদিনীপুর আদালতে পেশ করা হয়েছে। এদিকে গভীর রাতে গরু বোঝাই গাড়ি আটক এবং একসঙ্গে ১০টি গরু উদ্ধারের ঘটনায় সবং জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তে আরও কোনও বড় যোগসূত্র সামনে আসে কি না, এখন সেদিকেই নজর।













