নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের সংগঠনে নতুন সমীকরণ। জেলা জাতীয় কংগ্রেস কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন সবং ব্লকের বাসিন্দা চিরঞ্জীব ভৌমিক। তাঁর হাতে জেলার দায়িত্ব তুলে দেওয়ার খবর সামনে আসতেই কংগ্রেসের অন্দরে নতুন করে উচ্ছ্বাস দেখা দিয়েছে।
চিরঞ্জীব ভৌমিকের এই দায়িত্বপ্রাপ্তিকে ঘিরে সবং থেকে শুরু করে জেলার বিভিন্ন প্রান্তের কংগ্রেস কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো। দলের বর্তমান কর্মীদের পাশাপাশি বহু প্রাক্তন কর্মীও তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে অভিনন্দনের বার্তা।
রাজনৈতিক মহলের মতে, দীর্ঘদিন ধরে সাংগঠনিকভাবে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাওয়া জেলা কংগ্রেসকে নতুন করে চাঙা করাই এখন চিরঞ্জীব ভৌমিকের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বুথস্তরে সংগঠন মজবুত করা, পুরনো কর্মীদের ফের সক্রিয় করা এবং নতুন প্রজন্মকে দলের সঙ্গে যুক্ত করাই তাঁর নেতৃত্বের বড় পরীক্ষা হতে চলেছে।
সবংয়ের এক নেতার হাতে পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের দায়িত্ব যাওয়ায় স্থানীয় কর্মীদের মধ্যেও তৈরি হয়েছে আলাদা আবেগ। তাঁদের আশা, নতুন সভাপতির নেতৃত্বে জেলায় কংগ্রেস ফের নিজেদের সাংগঠনিক শক্তি বাড়াতে পারবে। এখন প্রশ্ন একটাই চিরঞ্জীব ভৌমিকের নেতৃত্বে কি পশ্চিম মেদিনীপুরে নতুন করে ঘুরে দাঁড়াবে কংগ্রেস? রাজনৈতিক মহলের নজর এখন সেদিকেই।














